দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৫০) নামের এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে স্থানীয় এক জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তানের জন্ম উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেয়া হয়। ওই পোস্টে যুবদল নেতা সাইদুর রহমান বিটু ‘আলহামদুলিল্লাহ’ মন্তব্য করেন। পরে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন ওই মন্তব্যের জবাবে আপত্তিকর মন্তব্য করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরএ